গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের-ডিএনসিসি মার্কেটের অগ্নিকাণ্ডের ঘটনাকে পরিকল্পিত বলে অভিযোগ করেছেন মার্কেটের ব্যবসায়ীরা।
সোমবার দিবাগত রাত ২টায় আগুন লাগে ঢাকার অভিজাত এলাকা গুলশান-১ এর সিটি করপোরেশন মার্কেটে। প্রায় আড়াইশ দোকান এ মার্কেটে। মাঝরাতে শুরু হওয়া এ আগুন ছড়িয়ে পড়ে পাশের মার্কেটের বিভিন্ন দোকান আর গোডাউনেও। মার্কেটের কাঁচাবাজারের পুরোটাই ধসে পড়েছে।
আগুন লেগে যায় মার্কেটের পশ্চিমপাশের অংশেও যেখানে প্রায় তিন শতাধিক দোকান রয়েছে।
মঙ্গলবার দিনভর চেষ্টার পরও ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে না পারার জন্য ফায়ার সার্ভিসের অদক্ষতাকে দায়ী করেন মালিক সমিতি ও সাধারণ ব্যবসায়ীরা।
তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, চেষ্টার ত্রুটি করেননি তারা—বিকেল পর্যন্ত ২২টি ইউনিট কাজ করেছে বলে তারা দাবি করলেও ঘটনাস্থলে ততো বেশি ইউনিট দেখা যায়নি।
তবে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের অপারেশন বিভাগের পরিচালক এ কে এম শাকিল নেওয়াজ কোনো অভিযোগ মানতে রাজি নন।
মার্কেটটিতে দাহ্য পদার্থ এবং গ্যাস থেকে শুরু করে নানান ধরণের জিনিস ছিল। এছাড়া আগুন লাগার পর বিস্ফোরণ হয়ে মার্কেটের একটা অংশ ধসে পড়ে। আগুন নেভানোর কোনো যন্ত্র বা পানি কিছুই ছিল না। সব মিলিয়ে পরিস্থিতি খারাপ হয়েছে বলে জানান তিনি।
ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক ঘটনাস্থল পরিদর্শন করে দাহ্য পদার্থ ও বৈদ্যুতিক শর্টকার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে জানিয়েছেন।
ঘটনাস্থল পরিদর্শন করেন জাতীয় মানবাধিকর কমিশনের চেয়ারম্যানও। ফায়ার সার্ভিসের অবহেলা রয়েছে কিনা তা তদন্ত করে দেখার কথা বলেন মানবাধিকর কমিশন চেয়ারম্যান।
মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই দমকল বাহিনীর পক্ষ থেকে আগুন নিয়ন্ত্রণে আনার ঘোষণা দেয়া হয়।