ইসলামী ব্যাংক পরিচালনা পরিষদ পরিবর্তনে কোনো নেতিবাচক প্রভাব ব্যাংকিং খাতে পড়বে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
ইসলামী ব্যাংকের এ পরিবর্তনকে ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, এই পরিবর্তন প্রতিষ্ঠানটির জন্য প্রয়োজন ছিল।
রোববার দুপুরে সচিবালয়ে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী আরো বলেন, ব্যবসার দিক দিয়ে ইসলামী ব্যাংক দেশের এক নম্বর ব্যাংক। এর ব্যাংকিং কার্যক্রম অব্যাহত থাকবে। আর সবকিছু নিয়ম মেনেই করা হয়েছে।
এসময় ব্যবসায়ীক খাতে সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা বজায়, নতুন শিল্প কারখানায় গ্যাস বিদ্যুৎ সংযোগ দেয়া এবং নতুন ভ্যাট আইন কার্যকরে বিধি প্রণয়ন করাসহ ২২টি সুপারিশ অর্থমন্ত্রীর কাছে তুলে ধরেছেন তারা।
অর্থমন্ত্রী তাদের সুপারিশ বিবেচনা করার আশ্বাস দিয়েছেন। আর আগামী ১ জুলাই থেকে ভ্যাট আইন কার্যকর করার আগে বিধি সংক্রান্ত সমস্যা সমাধানেরও কথা বলেন অর্থমন্ত্রী।
গত বৃহস্পতিবার রাজধানীতে পরিচালনা পর্ষদের সভায় ইসলামী ব্যাংকের শীর্ষ পর্যায়ে ব্যাপক রদবদল করা হয়। পুনর্গঠন করা হয় পরিচালনা পর্ষদ। পর্ষদের চেয়ারম্যান প্রকৌশলী মোস্তফা আনোয়ারকে সরিয়ে নতুন চেয়ারম্যান করা হয় সাবেক সচিব আরাস্তু খানকে। পদত্যাগ করেন ব্যাংকের এমডি মোহাম্মদ আবদুল মান্নান। নতুন এমডির দায়িত্ব দেয়া হয় ইউনিয়ন ব্যাংকের এমডি মো. আবদুল হামিদ মিঞাকে।