উদ্ভাবনী সেবা যতো বাড়বে—দুর্নীতি ততোই কমবে বলে মনে করেন সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়কারী আবুল কালাম আজাদ। লক্ষ্য অর্জনে তাই উদ্ভাবনী সেবার দিকে মনোযোগী হতে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
রোববার দুপুরে রাজধানীতে সরকারি কর্মকর্তাদের পারফম্যান্স ব্যবস্থাপনা সিস্টেম নিয়ে আয়োজিত আঞ্চলিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
একে আজাদ বলেন, বাংলাদেশ ভারত-মালয়েশিয়ার মত একই মডেল অনুসরন করছে। তবে, প্রথমদিকে কর্মকর্তাদের যে লক্ষ্য দেয়া হচ্ছে— তা খুবই নমনীয়। গুরুত্ব দেয়া হচ্ছে সেবা মান বাড়ানোর প্রতি।
পারফরম্যান্স ব্যবস্থাপনার সফলতা নির্ভর করবে কর্মকর্তাদের মনোভাবের ওপর বলেও জানান এসডিজি বিষয়ক এ মুখ্য সমন্বয়কারী।
আর প্রধানমন্ত্রী উপদেষ্টা ড. গওহর রিজভী মনে করেন, সেবার মান যতো বাড়বে—সরকারের উন্নয়নের সঙ্গে জনগণের সম্পৃক্ততাও ততো বাড়বে।
তিনি আরো বলেন, বর্তমানে বাংলাদেশের প্রথম অগ্রধিকার—সেবার মান বাড়ানো। এতে সরকারে প্রতি মানুষের আস্থা বাড়ার পাশাপাশি, এসডিজি অর্জন সহজ হবে।
প্রসঙ্গত, বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া ও ভুটানের সরকারি কর্মকর্তাদের পারফরম্যান্স ব্যবস্থাপনা বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ে, বিশ্বব্যাংক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আয়োজনে হয় আঞ্চলিক সেমিনার।
অতিথি দেশগুলোর অভিজ্ঞতায় বলা হয়, এ বিষয়ে বাংলাদেশের অভিজ্ঞতা একবারেই নতুন। কাঙ্খিত লক্ষ্য অর্জনে কর্মকর্তাদের একটি নির্দিষ্ট লক্ষ্য বেধে দেয়া হয় আর সব পর্যায়ে থাকে সরাসরি তদারকি। এতে বেড়েছে উন্নয়নের গতি— কমেছে দুর্নীতি।