দক্ষতা উন্নয়ন এবং পল্লী উন্নয়ন প্রকল্প নিয়ে সন্তুষ্ট এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি তাই এসব খাতে অর্থায়ন আরো বাড়াতে চায় তারা।
এ দুটি প্রকল্প সরেজমিন পরিদর্শন শেষে বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান এডিবির ভাইস প্রেসিডেন্ট ওয়েনচাই জ্যাং।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তার প্রতিশ্রতি দিলেও কয়লাভিক্তিক কোনো প্রকল্পে এডিবি অর্থায়ন করবে না বলেও সংবাদ সম্মেলনে জানান তিনি।
তিন দিনের সফরে ঢাকা এসেছেন এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবির ভাইস প্রেসিডেন্ট ওয়েনচাই জ্যাং।
এ সময়ে অর্থমন্ত্রী, বিদ্যুৎ প্রতিমন্ত্রীসহ সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক করেছেন তিনি।
এডিবির অর্থায়নে নেয়া বিভিন্ন প্রকল্প সরেজমিন ঘুরে দেখেছেন তিনি। এর মধ্যে দক্ষতা উন্নয়ন এবং পল্লী উন্নয়ন প্রকল্প আলাদা করে নজর কেড়েছে বলে সংবাদ সম্মেলনে জানান এডিবির ভাইস প্রেসিডেন্ট।
বিশ্বব্যাপী মন্দা সত্বেও বিগত এক দশকে বাংলাদেশের অর্থনীতি যে উন্নতি করেছে তারও প্রশংসা করেন তিনি।
এই উন্নয়ন আরো তরান্বিত করতে আগামী বছর বাংলাদেশের জন্য এডিবির বরাদ্দ আরো বাড়বে বলেও জানান তিনি।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জ্বালানি এবং অবকাঠামোকে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন জ্যাং।
তবে, জ্বালানি খাতে অর্থায়নে এডিবি রক্ষণশীল নীতিই অনুসরণ করবে বলেও উল্লেখ করেন এডিবি ভাইস প্রেসিডেন্ট।