চীনের প্রসিডেন্টের প্রতিশ্রুত বিনিয়োগ এগিয়ে নিতে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এবং ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছে চীনের উচ্চপর্যায়ের একটি বাণিজ্য প্রতিনিধিদল।
রোববার দুপুরে রাজধানীতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন-এফবিসিসিআই কার্যালয়ে তারা এ বৈঠক করেন।
বৈঠকে, প্রতিশ্রুত চীনা বিনিয়োগ পেতে বাংলাদেশে বিদ্যমান ব্যবসায়িক পরিবেশ আরও উন্নয়নের তাগিদ দিয়েছে প্রতিনিধিদলটি।
আর ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে বিনিয়োগকারীদের জন্য ওয়ানস্টপ সার্ভিস চালুর আশ্বাস দিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম।
গত বছরের অক্টোবরে চীনের রাষ্ট্রপতি শি চিন পিং দুই দিনের ঢাকা সফরে ২৮টি সমঝোতা স্বারক ও চুক্তি স্বাক্ষরিত হয়। এতে প্রায় ৪ হাজার কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেন চীনা প্রেসিডেন্ট।
এরই ধারাবাহিকতায় প্রতিশ্রতি এগিয়ে নিতে ঢাকা রয়েছেন চীনের শীর্ষ ব্যবসায়ী ও দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা কাউন্সিলের চেয়ারম্যান, লিউ মিংকিয়াং এর নেতৃত্বে একটি বাণিজ্য প্রতিনিধি দল।
বাংলাদেশ-চীনের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উপায় খুজতে, সকালে এফবিসিসিআইয়ের সঙ্গে বৈঠক করে তারা। এতে তারা যোগাযোগ অবকাঠামো, ইলেক্ট্রনিকস, আবাসন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। তবে তাগিদ দেন বিনিয়োগ পরিবেশ সৃষ্টির।
বিনিয়োগ সহায়ক পরিবেশের ক্ষেত্রে ১৭৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭৬তম। তাই সব প্রতিবন্ধকতা দূর করে বিনিয়োগের জন্য ওয়ানস্টপ সার্ভিস চালু করার প্রতিশ্রুতি দেন বিডা চেয়ারম্যান।
চীনা ব্যবসায়ী প্রতিনিধি দলের এই সফর থেকেই, প্রতিশ্রুত বিনিয়োগ বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে বলে, আশা এফবিসিসিআই'র।