গত দুই বছরে উন্নয়নশীল দেশগুলোতে প্রবাসী আয়ের প্রবাহে ধস নেমেছে— যে প্রবণতা গত ৩ বছরে দেখা যায়নি বলে বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের বসন্তকালীন বৈঠকে অভিবাসন ও উন্নয়ন বিষয়ক হালনাগাদ প্রতিবেদনটি প্রকাশিত হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব ব্যাংকের প্রাক্কলন অনুযায়ী উন্নয়নশীল দেশগুলোতে প্রবাসী আয়ের প্রবাহ আগের বছরের চেয়ে ২.৪% কমে ৪২ হাজার ৯০০ কোটি ডলারে নেমেছে। ২০১৫ সালে এই রেমিটেন্সের পরিমান ছিল ৪৪ হাজার কোটি ডলার।
তেলের দরপতন ও দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়ার দেশগুলোর প্রবাসী আয়ে নেতিবাচক প্রভাব ফেলেছে।
বাংলাদেশের প্রবাসী আয়ের পরিমাণ গত বছরের তুলনায় ১১.১% কমেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। তবে ২০১৭ সালে এই প্রবাহ ২.৪% হারে বাড়ার পূর্বভাস রয়েছে।