নতুন মূল্য সংযোজন কর-মূসক আইনে করের চাপ বাড়বে না বরং ব্যবসার খরচ আরো কমবে বলেই মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার দুপুরে রাজধানীতে নতুন মূসক আইন নিয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তবে এ বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে রাজস্ব বোর্ডের মতোবিরোধ এখনও নিষ্পত্তি হয়নি। অনুষ্ঠানে ব্যবসায়ীদের দাবি-দাওয়ার বিষয়ে রাজস্ব বোর্ডের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছেন এফবিসিসিআইয়ের সভাপতি মাতলুব আহমদ। ১ জুলাই থেকে মূসক আইন কার্যকর হলে, জিনিসপত্রের দাম বাড়বে বলেও আশংকা ব্যবসায়ীদের।
আগামী ১ জুলাই থেকে মূসক আইন-২০১২ কার্যকর করতে সরকার বদ্ধপরিকর। বিষয়টি নিয়ে প্রথমবারের মত, জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে বসলেন আইন মন্ত্রী।
অনুষ্ঠানে ব্যবসায়ীরা দাবি করেন, আইনটি কার্যকর হলে, এর নেতিবাচক প্রভাব পড়বে নিত্যপণ্য ও সেবার বাজারে। ১৫ শতাংশ মূসক বাধ্যতামুলক করা হলে, মুল্যস্ফীতি আরো বাড়বে।
ব্যবসায়ীরা বলেন, তারা নতুন মূসক আইন কার্যকরের পক্ষে। তবে, তা কিছুটা সংশোধন করে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং সেবা খাতের জন্য, এ আইন আরো নমনীয় করার আহবান তাদের।
তবে ব্যবসায়ীদের এসব দাবীর সঙ্গে একমত নন আইনমন্ত্রী। তার মতে এ আইনে ব্যবসায়ীরাই আরো লাভবান হবে।
মূসক আইন কার্যকর হলে সব রকমের বিভ্রান্তি দূর হবে বলে মনে করছে জাতীয় রাজস্ব বোর্ড।