নিয়ন্ত্রক সংস্থা হিসেবে ক্রমেই কোনঠাসা হয়ে পড়ছে বাংলাদেশ ব্যাংক। সোমবার মন্ত্রিসভায় অনুমোদিত ব্যাংক কোম্পানি আইন-২০১৭'র ফলে বেসরকারি ব্যাংকের ওপর কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ আরো দুর্বল হবে। যা দেশের অর্থনীতি ও আর্থিক খাত ব্যবস্থাপনায় অশুভ সংকেত বলে মনে করেন বিশেষজ্ঞরা।
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে, স্বাধীনভাবে দক্ষতার সঙ্গে কাজ করার আলাদা একটি ঐতিহ্য ছিল বাংলাদেশ ব্যাংকের। কিন্তু সেই ঐতিহ্যের রং এখন অনেকটাই ফিকে।
বর্তমান আইন অনুয়ায়ী, রাষ্ট্রায়াত্ব ব্যাংকগুলোর চেয়ারম্যান, প্রধান নির্বাহী কিম্বা পরিচালক নিয়োগ-অপসারণে বাংলাদেশ ব্যাংকের কোন নিয়ন্ত্রণ নেই। নিয়ন্ত্রণ পুরোপুরি অর্থমন্ত্রণালয়ের হাতে। সেই ক্ষমতা ব্যবহার করে, অর্থমন্ত্রণালয় রাজনৈতিক বিবেচনায় রাষ্ট্রয়াত্ব ব্যাংকগুলোতে যেসব পরিচালক নিয়োগ করেছিল, তার ফলাফল যে শুভ হয়নি, হাজার হাজার কোটি টাকার অনিয়ম দুর্নীতির চিত্র থেকেই তা স্পস্ট।
এমন পরিস্থিতিতে, বাংলাদেশ ব্যাংকের আপত্তি সত্বেও, বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদে একই পরিবারের ৪ জনকে পরিচালক পদে থাকার সুযোগ করে দিল মন্ত্রিসভা।
বিশেষজ্ঞরা বলছেন, সরকারি ব্যাংকের পর, এবারও বেসরকারি ব্যাংকেও, বাংলাদেশ ব্যাংকের কর্তৃত্ব খর্ব হবে।
তারা বলছেন, আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে যেখানে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা বাড়ানো দরকার, তা না করে, উল্টো ক্ষমতা কমিয়ে দেওয়ার ফল, দেশ অর্থনীতির জন্য ভাল হবে না।