দেশে প্রবাসী আয়-রেমিটেন্স পাঠাতে কোনো খরচ লাগবে না বলে জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, বর্তমানে ১০০ টাকার সমপরিমাণ রেমিটেন্স পাঠাতে ১ টাকা খরচ হয়। আগামী বাজেটে এ খরচ তুলে দেয়ার ব্যবস্থা করা হবে।
শনিবার সচিবালয়ে অর্থনৈতিক রিপোর্টারদের সংগঠন ইআরএফের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন।
নতুন অর্থবছরে রেমিটেন্সের উপর মাশুল না নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী।
মুহিত বলেন, বিদেশে টাকা পাচার রোধে জমি কেনা বেচায় সরকার নির্ধারিত সর্বনিম্ন মূল্য পদ্ধতিও তুলে দেয়া হবে। রেমিটেন্স বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী কিছু নির্দেশনা দিয়েছেন।
প্রবাসীদের আয় কমে যাওয়ার বিষয়ে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের প্রবাসীদের আয় কিছুটা কমবে কারণ সেখানে কিছুটা মন্দাভাব চলছে তাই প্রবাসীদের বেতনও কিছুটা কমানো হয়েছে। এ জন্য আগামী বাজেটে জমির সর্বনিম্ন নির্ধারিত মূল্য পদ্ধতি তুলে দেয়া হবে।
তিনি আরো বলেন, জমি কেনাবেচায় অপ্রদর্শিত অর্থই কালো টাকার অন্যতম উৎস। পরবর্তীতে এ টাকা বিদেশে পাচার করা হয়।