রমজানকে সামনে রেখে আগামীকাল (সোমবার) থেকে খোলা বাজারে ৫টি খাদ্যপণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সারাদেশে ১৮৫টি ট্রাকে ন্যায্যমূল্যে চলবে তাদের বিক্রির কার্যক্রম। খোলা বাজারে সরকারিভাবে খাদ্যদ্রব্য বিক্রির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ ক্রেতারা।
এদিকে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সারাদেশে পুরো রোজার মাসে প্রতিদিন ২টি করে অভিযান চালানোর কথা জানিয়েছে।
রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে সারাদেশে ১৮৫টি ভ্রাম্যমাণ ট্রাকে দেশি চিনি, মাঝারি সাইজ মশুর ডাল, সয়াবিন তেল, ছোলা ও খেঁজুর— ইফতার উপকরণসহ এ ৫টি খাদ্যদ্রব্য বিক্রি করবে রাষ্ট্রয়াত্ব বিপণন সংস্থা টিসিবি।
ঢাকায় ৩৩টি, চট্টগ্রামে ১০টি, অন্যান্য বিভাগীয় শহরে ৫টি ও জেলা সদরে ২টি করে ট্রাকে পণ্য বিক্রি করবে তারা। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে এ বিক্রি কার্যক্রম।
এছাড়াও টিসিবির দুই হাজার ৮১১ জন ডিলার ও নিজস্ব ১০টি খুচরা বিক্রয় কেন্দ্রের মাধ্যমে শুক্রবার ছাড়া পুরো রোজার মাসেই খাদ্যদ্রব্য বিক্রির কাজ চলবে।
প্রতিবারের মতো এবারো টিসিবির খাদ্যদ্রব্য বিক্রির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ ক্রেতারা।
এদিকে, স্থিতিশীল বাজার ও স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিতে নিয়মিত নজরদারি রাখতে পুরো রমজান মাসে প্রতিদিন ২টি করে অভিযান চালাবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ সময় শুধু ঢাকাতেই ৮১টি অভিযান চালাবে তারা। ভোক্তা অধিকারে জনসচেতনতা বাড়াতে সংস্থাটি বিভিন্ন পদক্ষেপ নিয়ে চলেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।