নতুন ভ্যাট আইনে দশমিক ৫ থেকে দশমিক ৬ শতাংশ মুল্যস্ফীতি বাড়বে। তবে এতে ২/১টি ছাড়া, জিনিসপত্রের দাম বাড়বে না বলে দাবি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। শনিবার দুপুরে রাজধানীতে নতুন ভ্যাট আইনের বাস্তবায়ন নিয়ে, সাংবাদিকের সঙ্গে এক আলোচনা সভায় এ দাবি করে তারা।
ভ্যাট হার কমানো হবে কি না, তা সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান।
নতুন ভ্যাট আইনের বাস্তবায়ন নিয়ে, সাংবাদিকদের সঙ্গে আলোচনায় জাতীয় রাজস্ব বোর্ড। এতে ভ্যাট আইন ১৯৯১ এবং আগামী জুলাই থেকে বাস্তবায়িত হতে যাওয়া ভ্যাট আইনের তুলনামূলক বিশ্লেষণ তুলে ধরে এনবিআর।
বিশ্লেষণে বলা হয়, বর্তমান আইনে ১৫টি সেবা এবং ৭০টি পণ্য ছাড়া সকল ক্ষেত্রেই ১৫ শতাংশ ভ্যাট বিদ্যমান। নতুন আইনে এসব পণ্য ১৫ শতাংশ ভ্যাটের আওতায় এলেও, ভোক্তা-ব্যবসায়ী কারোই খরচ বাড়বে না বলে দাবি এনবিআরের।
ভ্যাট আইন ২০১২তে, রেয়াতের সুযোগ অনেক প্রসারিত করার কারণে ক্ষেত্র বিশেষে আগের চেয়ে ভ্যাট কম দিতে হবে বলে দাবি তাদের।
তবে অল্প কয়েকটি পণ্যের দাম কিছুটা বাড়বে বলেও, জানিয়েছে এনবিআর। আর এতে বাড়বে মুল্যস্ফীতিও।
নতুন ভ্যাট আইন নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে এখনো রাজস্ব বোর্ডের মতবিরোধ আছে। বিশেষ করে ইসিআর মেশিনের ব্যবহারের প্রস্তুতি এবং ভ্যাটের হার কমানো নিয়ে, ব্যবসায়ীদের দাবি-দাওয়ার কোন সুরাহ হয়নি। এনবিআরের দাবি, ইসিআর মেশিনের ব্যবহারের বিষয়ে তারা প্রস্তুত। আর ভ্যাটের হার কমানো হবে কিনা, সে সিদ্ধান্ত ছেড়ে দিয়েছেন অর্থমন্ত্রীর ওপর।
আগামী ১ জুন বাজেট ঘোষণার দিন, সব অস্পস্টতা দূর হবে বলে দাবি, এনবিআর চেয়ারম্যানের।