শেষ পর্যন্ত ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান সৈয়দ আহসানুল আলমকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। মঙ্গলবার দুপুরে প্রতিষ্ঠানটির ৩৪তম বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান সাংবাদিকদের বলেন, এখন থেকে দুই জনের জায়গায় একজন ভাইস চেয়ারম্যান থাকবেন। অবশ্য এজিএমে উপস্থিত ছিলেন না আহসানুল আলম।
এজিএম শেষে সাংবাদিকদের অনেক প্রশ্নের উত্তর নিয়ে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্ত খান। শেয়ার হোল্ডারদের দাবির পরিপ্রেক্ষিতে, পরিচালনা পর্ষদ ইসলামী ব্যাংকে একজন ভাইস চেয়ারম্যান রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে সাংবাদিকদের তিনি জানান।
সে হিসেবে, চেয়ারম্যানের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়া ভাইস চেয়ারম্যান সৈয়দ আহসানুল আলমকে পদ ছাড়তে হচ্ছে। তবে তিনি পরিচালক হিসেবে থাকছেন আর এখন একমাত্র ভাইস চেয়ারম্যান হিসেবে থাকবেন আল রাজী গ্রুপের প্রতিনিধি ইউসুফ আবদুল্লাহ হারুন।
এর আগে আইডিবির প্রতিনিধি, আরিফ সোলায়মান, ইসলামী ব্যাংক থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার খবর অস্বীকার করেন। তবে ব্যাংকটিতে তাদের সাড়ে ৭% শেয়ারের মধ্যে ৫.৪% বিক্রি করে দেয়ার সিদ্ধান্তের কথা জানান তিনি।
এর আগে এজিএমে, ভাইস চেয়ারম্যান সৈয়দ আহসানুল আলমকে সরিয়ে দেওয়ার দাবি তোলেন কিছু সংখ্যক শেয়ার হোল্ডার। তবে এসব শেয়ার হোল্ডার একটি বিশেষ দল ও গোষ্ঠীর সমর্থক বলে অভিযোগ উঠে।
ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত এই এজিএমে, শেয়ার হোল্ডারদের মধ্যে স্বল্প সংখ্যকই উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছিলেন। অনুষ্ঠান স্থলের অধিকাংশ আসনই ছিল খালি।