বাজারে ঠিকভাবে চিনি সরবরাহ না করার কারণে মেঘনা ও সিটি গ্রুপকে তলব করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছেন, বাজারে কম চিনি সরবরাহের কারণ কী তা জানতেই তাদের ডাকা হচ্ছে। ১৫ শতাংশের নিচে রেখেই ভ্যাট আইন কার্যকর হচ্ছে। তবে এর প্রভাব নিত্যপণ্যে পড়বে না।
রমজানে পণ্যমূল্য বাড়ালে উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
এদিকে, গেল মাসে হঠাৎ করে বাজারে চিনির দাম কেজি প্রতি এক লাফে প্রায় ত্রিশ টাকা বেড়ে যায়। ৫৮ টাকা কেজি দরের চিনি সব বাজারেই খুচরা বিক্রি হয় ৮০ থেকে ৮৫ টাকা মূল্যে, যদিও চিনির দাম এখন কমতে শুরু করেছে।
দেশের প্রধান চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান মেঘনা ও সিটি গ্রুপ সরবরাহ বন্ধ রাখায় বাজারে চিনির সংকট দেখা দেয়ায় মূল্য বৃদ্ধির কারণ বলে দাবি ব্যবসায়ীদের।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলছেন, বিষয়টি খতিয়ে দেখতে এই দুটি গ্রুপকে ডাকা হবে।
ছোলা, চাল, ডাল, চিনি, তেল, পেয়াজ, রসুনসহ সব ধরনের পণ্যেরই পর্যাপ্ত মজুদ রয়েছে জানিয়ে বানিজ্যমন্ত্রী বলেন, রমজানে নতুন করে দাম বৃদ্ধির কোনও কারণ নেই।
এদিকে, ১ জুলাই থেকে কার্যকর হতে যাওয়া ভ্যাট আইনের প্রভাব নিত্যপণ্যের বাজারে পড়বে না বলে জানিয়ে তিনি বলেন, ভ্যাট ১৫ শতাংশের নিচে রেখেই আইনটি কার্যকর হচ্ছে।
রমযান বা অন্যান্য ধর্মীয় উৎসবের সময়ে বিশ্বের বিভিন্ন দেশে পণ্যের দাম কমানো হলেও বাংলাদেশে দাম বেশি থাকে কেন? এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানান, সারা বছরের লোকসান কাটিয়ে উঠতে ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভের জন্য রমজানে পণ্যের দাম বেশি রাখেন।
এদিকে, রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখার বিষয়ে সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু জানিয়েছেন, পণ্যমূল্য বাড়ানো হলে শাস্তি থেকে উৎপাদনকারীরাও বাদ যাবেন না।
তিনি আরো বলেন, এবার বাজার মনিটরিং এ প্রতিদিন চারটি করে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।