সরকারের ঘোষণার পরও রাজধানীর বাজারে নিত্য পণ্যের দাম ঊর্ধ্বমুখী। রোজার ইফতার সামগ্রীর দামও বেড়েছে কমপক্ষে ১০ থেকে ২০ টাকা। গত সপ্তাহের চেয়ে মাছ ও সবজির দাম বেশি। এ অবস্থায় বেশীরভাগ পণ্যের দাম বৃদ্ধিতে ভোগান্তিতে পড়েছেন ভোক্তারা।
এদিকে, রমজানকে সামনে রেখে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি চলছে। টিসিবির পণ্যের সঙ্গে খোলা বাজারের দামে রয়েছে বিস্তর তফাৎ।
রমজানের আগে প্রথম সরকারি ছুটির দিন শুক্রবার। স্বাভাবিক ভাবেই এদিন বাজারে এসেছেন অনেক ক্রেতা। কিন্তু বাজারে এসে একটু অবাকই তারা। কারণ এক সপ্তাহের ব্যবধানে পন্যের দাম চলে গিয়েছে নাগালের বাইরে।
রোজা উপলক্ষ করে যেখানে সারাবিশ্বের বাজারে পণ্যের দাম কমে সেখানে এবারও দেশের খোলা বাজারে পন্যের দাম বেড়েছে। নাভিষ্যাস উঠেছে সাধারণ ক্রেতাদের মাঝে। তারা বলছে সরকার বাজার তদারকির ঘোষনা দিলেও তা হয়নি। দাম স্বাভাবিক থাকার কথা থাকলেও বেড়েছে অস্বাভাবিক ভাবে।
দাম বেড়েছে বিভিন্ন ধরনের ডালের। পেয়াজ, রসুনেরও দাম বেড়েছে। ছোলা আগে বিক্রি হতো ৮০ টাকায় এখন বিক্রি হচ্ছে ৯০ থেকে ৯৫ টাকায়। বুটের ডাল ১০০ টাকা থেকে হয়েছে ১১০টাকা। মটর ডাল ১২০ থেকে ১৪০ টাকা। মুগ ডাল ১০০ থেকে ১৩০ টাকা ও খেসারির ডাল ৬০ থেকে ৮০ টাকা। আর তেলের দাম বাড়াতে যাচ্ছে লিটারে আড়াই টাকা।
মাছের বাজারেও দাম বেড়েছে। মাছ ভেদে প্রত্যেকটিতেই ৫ থেকে ১০ টাকা বেড়েছে। এদিকে, মুরগির দাম স্বাভাকি রয়েছে। তবে এখনো গুরু ও খাসি আগের দামেই বিক্রি হচ্ছে।