রাজস্ব আহরণ বাড়াতে এবার উড়োজাহাজ ভ্রমণে ভ্যাটের আকার বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এছাড়াও ব্যাংক অ্যাকাউন্টেও খরচ বাড়ছে।
অভ্যন্তরীন ফ্লাইট ও সার্কভুক্ত দেশ ছাড়া, অন্যান্য দেশে ভ্রমনের ক্ষেত্রে এয়ার টিকিটের ওপর আবগারি শুল্ক আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এক্ষেত্রে সার্কভুক্ত দেশ ছাড়া এশিয়ার অন্য দেশের ক্ষেত্রে বিদ্যমান এক হাজার টাকার পরিবর্তে দুই হাজার টাকা এবং ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অন্য দেশের ক্ষেত্রে বিদ্যমান দেড় হাজার টাকার পরিবর্তে তিন হাজার টাকা শুল্ক প্রস্তাব করা হয়েছে।
আর ব্যাংকিং খাতে লেনদেনের আকার বাড়াকে বিবেচনায় নিয়ে ব্যাংক অ্যাকাউন্টেও শুল্ক আরোপ করা হয়েছে। এক্ষেত্রে এক লাখ থেকে ১০ লাখ টাকার ওপর ৫০০ টাকার পরিবর্তে ৮০০ টাকা, ১০ লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত দেড় হাজার টাকার পরিবর্তে আড়াই হাজার টাকা, এক কোটি টাকা হতে পাঁচ কোটি টাকা পর্যন্ত সাড়ে সাত হাজার টাকার পরিবর্তে ১২ হাজার টাকা এবং পাঁচ কোটি টাকার ঊর্ধ্বে বিদ্যমান ১৫ হাজার টাকার পরিবর্তে ২৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।