দেশের সকল তৈরি পোশাক শিল্প কারখানা শ্রমিকদের শতভাগ বেতন-ভাতা পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছে কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ।
শনিবার দুপুরে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি সিদ্দিকুর রহমান এ তথ্য জানান।
গত দশ বছরের তুলনায় চলতি বছর সবচেয়ে লোকসানে তৈরি পোশাক খাত উল্লেখ করে তিনি বলেন, এ অবস্থায় থেকেও শ্রমিকদের বকেয়া শতভাগ পরিশোধ করতে পেরেছেন তারা।
আসছে ঈদুল-ফিতরকে সামনে রেখে তৈরি পোশাক শিল্প কারখানার সার্বিক পরিস্থিতি তুলে ধরে সংবাদ সম্মেলন করে কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ।
সেখানে বিজিএমইএ এবং বিকেএমইএ'র অর্ন্তভূক্ত তিন হাজার একশো কারখানার শ্রমিকদের শতভাগ বেতন-ভাতা পরিশোধের কথা বলা হয়েছে। একই সঙ্গে সরকারের নির্দেশনা অনুযায়ী কয়েক ধাপে শ্রমিকদের ছুটি কার্যকরের কথা জানানো হয়।
এ সময় বিজিএমইএয়ের সভাপতি মো. সিদ্দিকুর রহমান বলেন, গত দশ বছরের তুলনায় চলতি বছর পোশাকের বাজার মন্দা।
আন্তর্জাতিক বিভিন্ন ঘটনায় পোশাকের দাম কমিয়ে দিয়েছে বিদেশি ব্যবসায়ীরা—যার ভয়াবহ নেতিবাচক প্রভাব দেশের তৈরি পোশাক শিল্পে পড়েছে।
এ অবস্থায় সরকারের সহযোগিতা কামনা করেন বিজিএমইএ সভাপতি।
তবে দেশে অ্যাকোর্ড অ্যালায়েন্স সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০১৮ সালেই ওই সংগঠনের মেয়াদ শেষ হচ্ছে। এরপর যদি প্রয়োজন হয় তাহলে সরকারের নির্দেশনায় মনিটরিং এর কাজ করতে পারে। তবে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প এখন অনেক সুশৃংখল।