বাজেট পাসের পর রাজস্ব আদায় নিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। নতুন ভ্যাট আইন কার্যকর না হওয়ায়, প্রায় ২০ হাজার কোটি টাকা ঘাটতির মুখে তারা।
বিশ্লেষকরা বলছেন, এর নেতিবাচক প্রভাব পড়বে আয়করের ওপরেও। এর ফলে বেড়ে যেতে পারে বাজেট ঘাটতি। তবে এ অবস্থায়ও রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জনে আশাবাদী এনবিআর। ক্ষতি পুষিয়ে নিতে, ১২টি কৌশল নেয়া হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের হিসেবে ভ্যাট ও সম্পুরক শুল্ক আইন ২০১২ বাস্তবায়িত হলে, প্রায় ২০ হাজার কোটি টাকা ভ্যাট থেকে অতিরিক্ত আদায় হবে। এর ইতিবাচক প্রভাব পড়বে আয়কর আদায়ের ক্ষেত্রেও। তার ওপর ভিত্তি করেই, বাজেটে প্রায় ২ লাখ ৮৮ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য ঠিক করা হয়েছে। আপস.
তবে আইনটির বাস্তবায়ন স্থগিত হয়ে গেছে। তবে কমানো হয়নি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা। বিশেষজ্ঞরা বলছেন, এমনিতেই এনবিআর রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন করতে পারে না। তারওপর, ভ্যাট ও সম্পূরক শুল্ক আইনটির বাস্তবায়ন না হওয়াকে মড়ার ওপর খাড়ার ঘা হিসেবে দেখছেন তারা।
সব হিসেব এলোমেলা করে দিলেও, লক্ষ্য অর্জনে আশাবাদী জাতীয় রাজস্ব বোর্ড। এ নিয়ে, এবার তারা বিশেষ কৌশল অবলম্বনের চেষ্টা করছে। কর, ভ্যাট ফাকি, শুল্ক অবমুল্যায়ন ও মুদ্রা পাচার রোধের মত বিষয়গুলোতে আরো কঠোর হওয়ার পরিকল্পনা রাজস্ব বোর্ডের।
নিয়মিত নিরীক্ষা কার্যক্রমের মাধ্যমে বকেয়া রাজস্ব আদায় এবং বিকল্প বিরোধ নিষ্পত্তিও এ কৌশলের অংশ।