ভ্যাটের একাধিক হারেই আস্থা ব্যবসায়ীদের তাই ১৫ % এর জায়গায় একাধিক হার করে নতুন ভ্যাট আইন সংশোধনের দাবিতে এখনো অনড় তারা।
পাশাপাশি আগামী ২ বছর পরে ভ্যাট আইন বাস্তবায়নের আগে একটি স্বাধীন প্রতিষ্ঠান দিয়ে এর প্রভাব মূল্যায়নেরও প্রস্তাব করেছেন ব্যবসায়ী নেতারা। হার যাই হোক আইনটি বাস্তবায়নে ব্যবসায়ীদের সঙ্গে আস্থার সম্পর্ক তৈরির পরামর্শ বিশেষজ্ঞদের।
আপাতত ২ বছরের সর্বক্ষেত্রে ১৫ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্ত স্থগিত। ১৯৯১ সালের নীতিমালা অনুযায়ীই চলতি অর্থবছরে ভ্যাট আদায়ের কার্যক্রমে নেমে পড়েছে এনবিআর।
এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, বর্তমান ভ্যাট আইনের দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে নতুন ভ্যাট আইনের কিছু দিক এখানে অন্তর্ভুক্ত করা যেতে পারে। তবে, ভ্যাটের সংকুচিত ভিত্তিমূল্য অবশ্যই চলমান রাখতে হবে।
এর পাশাপাশি, ব্যবসায়ী সমাজকে উপেক্ষা করে রাজস্ব বোর্ড একা কোনো সিদ্ধান্ত নিলে তা বাস্তবায়ন কঠিন হবে বলে দাবি তার।
তাই ভ্যাটের প্রভাব নিয়ে একটি নিরপেক্ষ মূল্যায়ন শেষে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি/প্রতিষ্ঠানের ঐক্যমত্যের ভিত্তিতে ভ্যাট আইনে পরিবর্তন আনার প্রস্তাব তাদের।
ব্যবসায়ীদের এ দাবির সঙ্গে একমত বিশেষজ্ঞ সিপিডির ফেলো সম্মানীয় মুস্তাফিজুর রহমান।
তাদের মতে, একাধিক হার হোক আর এক হার হোক তা নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে ঐক্যমত থাকলেই কেবল তার সুফল পাওয়া যাবে।
তাই যে কোনো পরিবর্তনের আগে তা নিয়ে ব্যবসায়ী, অর্থনীতিবিদ, সুশীল সমাজ তথা সর্বস্তরের নাগরিকদের সঙ্গে একটি অংশীদ্বারিত্বমূলক সম্পর্ক প্রতিষ্ঠার উপর জোর দিতে এনবিআরকে পরামর্শ দিয়েছেন তারা।