চালসহ নিত্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বাড়লেও মূল্যস্ফীতি আগের চেয়ে কমেছে বলে দাবি করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো- বিবিএসের হিসেবে,সদ্য শেষ হওয়া অর্থবছরে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৫.৪৪%--এ কথা উল্লেখ করে তিনি বলেন, মূল্যস্ফীতির হিসেবে কোনো কারসাজি করা হয়নি।
মঙ্গলবার দুপুরে রাজধানীতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেকের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ দাবি করেন মন্ত্রী।
এর পাশাপাশি বিদায়ী অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন প্রথমবারের মত ১ লাখ কোটি টাকা ছাড়িয়েছে বলেও জানান তিনি।
এদিন বন্দরনগরী চট্রগ্রামে একটি এলিভেটেট এক্সপ্রেসওয়ে নির্মাণসহ মোট ৯টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক।
গত ৩ মাসে দেশের চালের বাজার ছিল পুরো অস্থির। চিনি-লবন, মাছ মাংসসহ সব জিনিসের দাম ছিল লাগামহীন।
গণপরিবহনের ভাড়াসহ বেড়েছে সব ধরনের সেবার ব্যয়ও। তবুও বিবিএসের হিসেব বলছে, মূল্যস্ফীতি বাড়েনি বরং আগের অর্থবছরের চেয়ে কমেছে।
এদিন বিদায়ী অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নেরও হিসেব দিয়েছেন পরিকল্পনামন্ত্রী।
মন্ত্রীর হিসেব অনুযায়ী শুধু গত জুন মাসেই ২৫ শতাংশ এডিপি বাস্তবায়ন হয়েছে। আর পুরো বছরে বাস্তবায়ন হয়েছে ৯০ শতাংশ। টাকার অঙ্কে যা ১ লাখ ৭ হাজার কোটি টাকা।
এদিন উত্থাপিত ১০টি প্রকল্পের মধ্যে ৯টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। যাতে ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ৩৯৩ কোটি টাকা।
ঢাকার পর, বন্দরনগরীতে ৩২৫০ কোটি টাকা ব্যয়ে একটি এলিভেটেট এক্সপ্রেসওয়ে নির্মাণের অনুমোদনও দিয়েছে একনেক।