দেশে বিভিন্ন ব্যাংকের ৫ হাজার শাখা সাইবার হামলার ঝুঁকিতে— এসব মোকাবেলায় ২৬ শতাংশ ব্যাংককে কোনো প্রতিরোধ মূলক ব্যবস্থা নেই।
রোববার সকালে রাজধানীতে এসব তথ্য প্রকাশ করে তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান 'ট্রানস আইটি সল্যুউশন'।
তথ্য প্রযুক্তিতে ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাদের অনীহা, সাইবার নিরাপত্তার জন্য প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে বলে মনে করেন ব্যাংকারদের সংগঠন এবিবির চেয়ারম্যান আনিস এ খান।
দ্রুততম সময়ের মধ্যে এসব শাখায় সাইবার নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।
বিশ্বে প্রতি ৩৯ সেকেন্ডে একটি করে সাইবার হামলা হয় যার ৬৪ শতাংশ হয় ওয়েবের মাধ্যমে আর ৬২ শতাংশ ফেইক আইডি থেকে বলে জানায় তারা।
তথ্য-প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান ট্রান্স আইটি সল্যুউশন জানিয়েছে, গত এক বছরে আর্থিক খাতে ভূয়া ইমেইলের সংখ্যা বেড়েছে ৪৭ শতাংশ। আর ভাইরাসের আক্রমণ বেড়েছে ৩০ শতাংশ। এর মাধ্যমেই বিশ্বের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ১০০ কোটি ডলার চুরি করতে সফল হয়েছে হ্যাকাররা।
এইসব হামলা মোকাবেলায় কতটা প্রস্তুত বাংলাদেশ।
ট্রানস আইটি সল্যুউশনের প্রতিবেদন বলছে, এ বিষয়ে ব্যাংকগুলোতে এখনো যথেষ্ট সচেতনতাই তৈরি হয়নি।
তবে, এ বিষয়ে সচেতনতা বাড়ছে বলে দাবি ব্যাংকারদের।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে শিক্ষা নেয়ার আহ্বান জানান গভর্নর।
সাইবার হামলা মোকাবেলায় বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে অনেক ব্যবস্থা নিয়েছে বলে দাবি করেন তিনি।