ভাড়ি বর্ষণ আর বন্যায় রাজধানীর কাঁচাবাজারে সরবরাহ কমে হয়েছে প্রায় তিন ভাগের একভাগ, আর সবজির দাম বেড়েছে প্রায় দ্বিগুন।
ব্যবসায়ীরা বলছেন, অতি বৃষ্টিতে ক্ষেতের সবজি নষ্ট হওয়ায়, সামনে সংকট আরো বাড়তে পারে। নতুন সবজি উৎপাদন হলে তবেই ফিরতে পারে স্বস্তি।
রাজধানীর কাওরান বাজারের এই আরতে প্রতিদিন প্রায় ৬'শ কার্টন সবজি আসতো। তবে গত ১ মাস ধরে কমতে কমতে তা এখন ২'শ কার্টনে ঠেকেছে।
এই যেমন রংপুর-দিনাজপুরের কৃষকের ক্ষেত থেকে সবজি এনে ঢাকায় পাইকারি বিক্রি করেন আবু হায়াৎ। কিন্তু গত কিছুদিন হলো, চাহিদা অনুযায়ী তিনি সবজি সরবরাহ করতে পারছেন না।
আর এর প্রভাবে বাড়তি টাকা গুনতে হচ্ছে ভোক্তাদেরই। বাজারে সবচেয়ে কম দামের সবজি ১ কেজি পেঁপের দামও এখন ৩০ থেকে ৩৫ টাকা।
ব্যবসায়ীরা বলছেন, সবজির বাজার নিয়ে আপাতত কোনো সুখবর নেই। বর্ষা শেষে নতুন সবজি উৎপাদন হলে তবেই, বাজারে স্বস্তি ফিরবে বলে তাদের ধারণা।