পুরাতন বেসিকে ইনসেনটিভ বোনাস বা প্রণোদনা বোনাস অনুমোদন করায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় চত্বরে বিক্ষোভ করছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা।
সোমবার সকাল সাড়ে ১১টা থেকে কর্মবিরতি দিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।
এ সময় এক বিক্ষোভকারী বলেন, ২০১৫ সালে নতুন পে-স্কেল কার্যকর হলেও ২০১৭ সালে এসে আমাদের পুরাতন বেসিকে ইনসেনটিভ বোনাস দেয়া হচ্ছে। এর মাধ্যমে আমাদের ঠকানো হচ্ছে।
গতকাল রোববার রাতে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় অনুমোদন হয় যে ২০১৫ সালের জুনের মূল বেতনের পাঁচ গুণ প্রণোদনা বোনাস দেয়া হবে। এর পরিপ্রেক্ষিতে সকাল থেকেই কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভরত কর্মকর্তারা গভর্নর ভবনের সামনে অবস্থান নিয়েছেন।
তাদের দাবি, প্রচলিত নিয়মে সবশেষ মূল বেতন স্কেল অনুযায়ী প্রণোদনা বোনাস দেয়া হয়। পর্ষদে যে প্রণোদনা বোনাসের অনুমোদন দেয়া হয়েছে, তা কার্যকর হলে যারা ২০১৬ ও ২০১৭ সালে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেছেন, তাদের প্রণোদনা বোনাসের কী হবে?
এ ছাড়া এ সময়ে যারা পদোন্নতি পেয়েছেন, তারা কেন আগের স্কেল অনুযায়ী প্রণোদনা বোনাস পাবেন; যেখানে ২০১৬ সালে নতুন বেতন স্কেল কার্যকর হয়েছে।
এ সময় কর্মকর্তারা সবশেষ মূল বেতন স্কেল অনুযায়ী প্রণোদনা বোনাসের দাবি জানান।