কোরবানির পশু কিনতে শেষ মুহূর্তে ভিড় বেড়েছে রাজধানীর পশুর হাটগুলোতে। ক্রেতারা ছুটছেন এক হাট থেকে অন্য হাটে। পুরো দমে চলছে বেচাকেনা।
হাট থেকে পশু কেনার পর ক্রেতারা খুশি মনে বাড়ি ফিরছেন। তবে কারও কারও অভিযোগ পশুর দাম এখনো বেশ চড়া। আবার কেউ কেউ বলছেন, হাটগুলোতে দেখা দিচ্ছে পশু সংকট। তবে বিক্রেতা আর ব্যাপারীরা বলছেন ভিন্ন কথা। তাদের আশঙ্কা, ন্যায্য দাম না পেলে এবারও হাট থেকে পশু ফেরত নিয়ে যেতে হবে তাদের।
কোরবানীর ঈদের শেষ মুহূর্তে রাজধানীবাসীর ব্যস্ততা এখন কোরবানীর পশুর হাট কেন্দ্রিক। ছোট বড় সব বয়সী মানুষ ছুটছেন স্থায়ী-অস্থায়ী পশুর হাটে।
গত ক'দিন হাটে ক্রেতা উপস্থিতি কম ছিল। আর যারা হাটে আসছেন দর যাচাই করলেও কেনার আগ্রহ ছিল কম। তবে শেষ সময়ের চিত্র ভিন্ন। অধিকাংশ ক্রেতাই হাট থেকে পশু কিনে বাড়ি ফিরছেন উৎসবের আমেজে।
তবে হাটগুলোতে পশু সংকট দেখা দিয়েছে উল্লেখ করে আবার কেউ কেউ ছুটছেন এক হাট থেকে অন্য হাটে।
বেশি মুনাফা লাভের আশায় শেষ মুহূর্তে এসে ব্যাপারিরা পশুর চড়া দাম হাকছেন বলে অভিযোগ ক্রেতাদের।
আর ব্যাপারীরা বলেন তারা পশুর ন্যায্য দাম পাচ্ছেন না— এজন্য সব পশু বিক্রি নিয়েও আশঙ্কা তাদের।