বাজারে কৃত্রিম সংকট তৈরি করে যারা চালের দাম বাড়াচ্ছে সেসব ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বন্যা আর রোহিঙ্গা ইস্যুকে সামনে রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে চালের দাম বাড়াচ্ছে ব্যবসায়ীরা আর গণমাধ্যমের প্রচারণা দাম বাড়ার বিষয়টিকে আরো উস্কে দিচ্ছে।
আর ১৫ সেপ্টেম্বর থেকে বাংলাদেশে চাল রপ্তানি না করার যে সিদ্ধান্ত ভারত নিয়েছে, সে বিষয়ে শিগগরিই আলোচনা হবে বলে জানালেন তোফায়েল আহমেদ।
পাইকারী ব্যবসায়ীদের বক্তব্য, চালকল মালিকরাই সংকট দেখিয়ে বেশি দামে বিক্রি করছে।
এদিকে, অভ্যন্তরীণ খাদ্যবান্ধব কর্মসূচি বাস্তবায়নের কারণে আগামী ১৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে চাল রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ছে ভারত। এরইমধ্যে এ বিষয়ে ভারতীয় কাস্টমস্ একটি চিঠি দিয়েছে বাংলাদেশকে। বেনাপোল শুক্ল বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
এ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, শিগগিরই ভারতীয় হাইকমিশনারের সঙ্গে এ নিয়ে আলোচনা করবেন।
সরকারের মজুদে পর্যাপ্ত চাল রয়েছে বলেও দাবি বাণিজ্যমন্ত্রীর। তবে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে খাদ্য অধিদপ্তরের গুদামে ছয় লাখ মেট্রিক টন চাল থাকার কথা থাকলেও আছে মাত্র সোয়া তিন মেট্রিক টন চাল।