বাংলাদেশে বিনিয়োগে অন্যদেশের ব্যবসায়ীদের মত সমান সুযোগ চায় যুক্তরাষ্ট্র – জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।
সোমবার দুপুরে ঢাকায় আমেরিকান চেম্বার অব কমার্স-অ্যামচ্যামের মধ্যাহ্নভোজ সভায় এ কথা জানান তিনি।
এ সময় বাংলাদেশে বিনিয়োগের জন্য, দুর্নীতি এবং আমলাতান্ত্রিক জটিলতাকে প্রধান বাধা হিসেবে উল্লেখ করেন বার্নিকাট।
আমেরিকান চেম্বার অব কমার্স-অ্যামচ্যামের মাসিক মধ্যাহ্নভোজ সভায় এবারের আলোচোনার বিষয় বস্তু ছিল, বাংলাদেশে বিনিয়োগ পরিবেশের অন্তরায়।
এ সভায় বার্নিকাট অভিযোগ করেন, অনেক মার্কিন ব্যবসায়ী বাংলাদেশে বিনিয়োগের জন্য এসেছিল কিন্ত দুর্নীতি, প্রশাসনের অসহোগিতা এবং অবকাঠামোগত দুর্বলতা দেখে তারা ফিরে গেছে।
বার্নিকাটের দাবি, অন্যান্য দেশের বিনিয়োগকারীদের মত মার্কিন বিনিয়োগকারীরা বাংলাদেশে সমান সুযোগ পায় না যে কারণে তাদেরকে এখানে অসম প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়।
এসবের পাশাপাশি মার্কিন বিনিয়োগের জন্য শ্রমিক অধিকার নিশ্চিত করারও আহ্বান জানান বার্নিকাট।