রাজধানীর আগারগাঁওয়ে বুধবার শুরু হয়েছে জাতীয় আয়কর মেলা।
করদাতা নিবন্ধন, কর রিটার্ন দাখিলসহ আয়কর মেলায় এক জায়গায়তেই পাওয়া যাচ্ছে সব সুবিধা। এবারের মেলা থেকে প্রায় ৩ হাজার কোটি টাকার আয়কর আদায়ের পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।
আর জনগণের করের টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আবদুল মান্নান।
প্রথম দিনেই রাজধানীতে আয়কর মেলায় ছিল উপচেপড়া ভিড়। কাজের ফাঁকে, কিছুটা সময় বের করে স্বপ্রোণোদিত হয়ে কর দিতে এসেছেন বিভিন্ন পেশাজীবীরা। বিনা ঝামেলায় কর রিটার্ন দাখিল করতে পেরে সন্তুষ্ট মেলায় আসা লোকজন।
আয়কর রিটার্ন জমা দেয়া, বা করদাতা নিবন্ধনের জন্য, অন্য সময় যেসব দীর্ঘসূত্রিতায় পড়তে হয় মেলায় তেমনটা নেই।
একজন করদাতার জন্য প্রয়োজনীয় সব সেবাই মিলছে,আয়কর মেলায় এক ছাদের নিচে।
সকালে আয়কর মেলার উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আবদুল মান্নান।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সবাইকে কর দেয়ার আহ্বান জানান। আবার এ টাকার বিপরীতে জনগণের সেবা নিশ্চিত করার তাগিদ দেন তিনি।
আগামী ৮ নভেম্বর শেষ হবে জাতীয় আয়কর মেলা ২০১৭।