আগামী ২০২৪ সালের মধ্যেই বাংলাদেশ দারিদ্রমুক্ত হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বুধবার বিকেলে রাজধানীতে জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তরুণদের উপর অধিকতর গুরুত্ব দেয়ায় জিডিপির প্রবৃদ্ধি ৬ শতাংশের বৃত্ত ভেঙে ৭ শতাংশের উপরে উঠেছে বলেও অনুষ্ঠানে মন্তব্য করেন অর্থমন্ত্রী।
জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে, বিশ্বব্যাপী যুব সম্পদের বর্তমান অবস্থা তুলে ধরেন, বিশ্লেষকরা।
এসময় বক্তারা বলেন, বর্তমানে বিশ্বে প্রায় ১৮০ কোটি তরুণ রয়েছেন কিন্তু ইউরোপ, আমেরিকা এবং জাপান ও অস্ট্রেলিয়া ছাড়া কোনো দেশই এ সম্পদের যথাযথ ব্যস্থাপনা করতে পারছে না।
যুব সম্পদের সঠিক ব্যবস্থাপনায় বাংলাদেশ যে পিছিয়ে আছে সে কথা স্বীকার করেন অর্থমন্ত্রীও। তবে বিগত কয়েক বছরে যুব সম্পদ খাতে বিনিয়োগ করায় বাংলাদেশ তার সুফল পাচ্ছে বলে জানান তিনি।
অর্থমন্ত্রী আরো জানান, বাংলাদেশ দরিদ্রমূক্ত হতে ২০৩০ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না।
এদিকে, সারাদেশে শোভাযাত্রা, আলোচোনা সভাসহ, নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে কোথাও কোথাও যুবকদের মাঝে ঋণও বিতরণ করা হয়।