মন্দাবস্থা কাটিয়ে, চলতি অর্থবছরে দেশে বেসরকারি বিনিয়োগে গতি ফিরবে- বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বুধবার সকালে পুঁজিবাজার নিয়ে এক আয়োজনে তিনি এমন আশাবাদ ব্যক্ত করেন।
বিদেশে অর্থ সরিয়ে নেওয়ার বিষয় নিয়ে তিনি চিন্তিত নন— উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এগুলো স্বাভাবিক ঘটনা।
পুঁজিবাজারের বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতা তৈরিতে আয়োজিত সেমিনারে, করপোরেট কর ও পুঁজিবাজার থেকে আয়ের ওপর সরকার নির্ধারিত কর হার নিয়ে বিভিন্ন সমস্যা তুলে ধরেন বাজারের তালিকাভূক্ত প্রতিষ্ঠানগুলোর সভাপতি আজিজ খান।
জবাবে অর্থমন্ত্রী বলেন, সরকারের চলতি মেয়াদ শেষে আগামী মেয়াদে যিনি অর্থমন্ত্রীর দায়িত্বে আসবেন, তার কাছে করপোরেট কর কাঠামো সংস্কারের জন্য কিছু সুপারিশ রেখে যাওয়া হবে।
বিদেশে অর্থপাচার ব্যপারে আবুল মাল আব্দুল মুহিত বলেন, আইনে না থাকলেও, বিদেশে অর্থ সরিয়ে নেওয়ার বিষয়টিকে তিনি খারাপ কিছু হিসেবে দেখেন না।
দেশে বেসরকারি বিনিয়োগ ও কর্মসংস্থানের প্রায় অচলাবস্থা এবার কাটিয়ে ওঠা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।
এর আগে রাজধানীতে আরেক আয়োজনে বছরের সেরা করদাতাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
সর্বোচ্চ কর দেওয়ার জন্য ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। একই পরিবারের একাধিক করদাতা আছে, দেশের ৬৪টি জেলা থেকে এমন ৮৬ টি পরিবারকে 'কর বাহাদুর' সম্মাননা দেওয়া হয়েছে। কয়েকজন সেরা করদাতার হাতে সম্মাননা স্মারক তুলে দেন অর্থমন্ত্রী।
কর সংক্রান্ত বস্তুনিষ্ঠ প্রতিবেদনের জন্য ইলেট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের ১৩ জনকে সাংবাদিককেও সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।