ফারমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পারিচালকে (এমডি) একেএম শামীমকে অপসারণের নোটিস দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তাকে অপসারণে রোববার বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংক কর্তৃপক্ষের কাছে চিঠি গেছে।
চিঠিতে আগামী ৭ দিনের মধ্যে শামীমকে এমডি পদ থেকে কেন অপসারণ করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। চিঠিতে দুটি কারণের কথা বলা হয়েছে।প্রথমটি হলো: ব্যাংকটিতে তারল্য ব্যবস্থাপনায় এমডি ব্যর্থ হয়েছেন। এ কারণে নগদ জমা বা সিআরআরের এবং সংবিধিবদ্ধ জমা বা এসএলআরের অর্থ রাখতে ব্যর্থ হয়েছে।
দ্বিতীয়টি হলো: কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা না মেনে ব্যাংকটি ঋণ বিতরণ করেই চলছে।
এদিকে, এমডি শামীম বলেছেন, অপসারণ নয়, ব্যাংকের লিকুইডিটি ক্রাইসিসসহ কয়েকটি বিষয়ে ব্যাখ্যা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া কিছু গ্রাহক এবং তাদের ঋণের বিষয়ে জানতে চেয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, নিয়মের বেশি ঋণ দিয়েছে ফারমার্স ব্যাংক।এসব ঋণ এখন আদায়ও হচ্ছে না। এতে ব্যাংকটিতে বড় ধরণের তারল্য সঙ্কট তৈরি হয়েছে।