বসুন্ধরাসহ আরো ৫টি বড় কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হচ্ছে—জানিয়েছেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এম খায়রুল হক।
বুধবার সকালে রাজধানীতে এক সেমিনারে এ তথ্য দিয়েছেন তিনি।
তিনি আরো জানান, দেশের শিল্পায়নে গত আট বছরে পুঁজিবাজার থেকে ৮০ হাজার কোটি টাকা অর্থায়ন করা হয়েছে।
এর পাশাপাশি সরকারি লাভজনক কিছু প্রতিষ্ঠানও পুঁজিবাজারে শেয়ার ছাড়বে বলে অনু্ষ্ঠানে জানান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
দীর্ঘ মেয়াদী অর্থায়নে পুঁজিবাজারে ভূমিকা নিয়ে সেমিনারের আয়োজন করে বাংলাদেশ মার্চেন্টস ব্যাংক অ্যাসোসিয়েশন।
সেমিনারে বক্তারা বলেন, দেশের পুঁজিবাজারে মৌলভিত্তির ভাল শেয়ারের যথেষ্ট অভাব আছে।
বাংলাদেশে ব্যবসা করছে এমন বহুজাতিক কোম্পানি এবং সরকারি-বেসরকারি খাতের লাভজনক প্রতিষ্ঠানগুলোকে তালিকাভূক্ত করলে এ সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব।
জবাবে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান জানান, বেসরকারি খাতের ভাল কিছু প্রতিষ্ঠান অল্প সময়ের মধ্যেই বাজারে তালিকাভূক্ত হবে। আর কিছু সংস্কারের ফলে বর্তমানে পুঁজিবাজার থেকে শিল্পায়নে বিপুল পরিমাণ অর্থের যোগান হচ্ছে বলে তিনি দাবি করেন।
আর শিল্পমন্ত্রীর আশ্বাস, সরকারি লাভজনক কিছু প্রতিষ্ঠান খুব শিগগিরই বাজারে তালিকাভূক্ত হবে।
অতীতের যেকোন সময়ের চেয়ে দেশের পুঁজিবাজার এখন স্বচ্ছ এবং শক্তিশালী বলে দাবি করেন শিল্পমন্ত্রী।