ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংক-আরসিবিসি'র বিরুদ্ধে মামলা করবে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যৌথভাবে মামলার বাদী হতে, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ও সুইফটকেও প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।
বুধবার দুপুরে বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।
রিজার্ভ চুরির ৮ কোটি ১০ লাখ ডলারের মধ্যে প্রায় দেড় কোটি ডলারের এখন পর্যন্ত কোন হদিস পাওয়া যায়নি বলেও এসময় জানানো হয়েছে।
আর এ চুরির ঘটনায় ড. ফরাসউদ্দিন কমিটির তদন্ত প্রতিবেদনের আইনগত কোন গ্রহণযোগ্যতা নেই বলেও সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংক নিযুক্ত আইনজ্ঞ আজমালুল হোসেন কিউসি।
সংবাদ সম্মেলনে বলা হয়, জব্দকৃত অর্থ উদ্ধারের জন্য আরসিবির বিরুদ্ধে আগামী ২/৩ মাসের মধ্যেই বাংলাদেশ মামলা করবে। আর এ ব্যাপারে বাংলাদেশের সঙ্গে থাকতে সুইফট ও ফেডারেল রিজার্ভকে অনুরোধ করেছে বাংলাদেশ।
চুরির ঘটনায় ড. ফরাসউদ্দিন কমিটির তদন্ত প্রতিবেদন এখনো প্রকাশ করা হয়নি। ফিলিপাইনের পক্ষ থেকেও এ প্রতিবেদন চাওয়া হয়েছিল।
তবে বাংলাদেশ ব্যাংকের দাবি, ফরাসউদ্দিন কমিটির তদন্ত প্রতিবেদনের গ্রহনযোগ্যতা না থাকায়, তা ফিলিপাইনকে দেয়া হচ্ছে না।
সার্বিক দিক বিবেচনায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরির দুই বছর এরই মধ্যে পার হয়ে গেছে। ১০ কোটি ১০ লাখ ডলারের মধ্যে এখন পর্যন্ত উদ্ধার হয়েছে সাড়ে ৩ কোটি ডলার।
ফিলিপাইনের মুদ্রা বিনিময়কারী প্রতিষ্ঠান ফিলরেম, একটি ক্যাসিনো ও ব্যবসায়ী কিম ওয়াংয়ের কাছে জব্দকৃত অবস্থায় আছে আরো প্রায় সাড়ে ৬ কোটি ডলার। বাকী দেড় কোটি ডলার কোথায় আছে, তার হদিস নেই কারও কাছেই।