বাংলাদেশ এখন আর ভিক্ষুক নয়— দেশ এখন উন্নয়নের রোল মডেল বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বুধবার সকালে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আবুল মাল আব্দুল মুহিত বলেন, স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হলে সহজ শর্তে ঋণের পরিমাণ কমে গেলেও বেশি সুদে ঋণ নেয়ার সক্ষমতা বাংলাদেশের হয়েছে। পাশাপাশি বিদেশি বিনিয়োগ ও রপ্তানি দুইই বাড়বে। এ জন্য প্রস্তুতি নিচ্ছে দেশ।
তিনি আরো বলেন, বাংলাদেশই প্রথম দেশ, যে দেশ তিনটি শর্তই পূরন করে এলডিসি থেকে বের হতে আবেদন করতে যাচ্ছে।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবেও স্বক্ষমতা অর্জন করতে পেরেছে। উন্নয়নশীল দেশে যেতে আগামী ২০২৪ সাল পর্যন্ত মাথাপিছু আয়, মানবসম্পদ উন্নয়ন এবং অর্থনৈতিক সূচক ধরে রাখতে হবে। সরকারের এখন সে চেষ্টাই থাকবে।
বাংলাদেশ উন্নয়নশীল দেশে পদার্পন করলে সহজ শর্তে ঋণ পাবে না, একটি স্বল্পোন্নত দেশ যেসব সুবিধা ব্যবসা-বাণিজ্যে পেতো, তার কোনটিই থাকবে না বলে জানিয়ে তিনি আরো বলেন, কিছু বিষয় সংকুচিত হলেও অনেক সম্ভবনার দুয়ার খুলেবে। বাংলাদেশ এখন উচ্চ সুদে ঋণ গ্রহণের স্বক্ষমতা অর্জন করেছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ উপলক্ষে ২২ মার্চ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেয়া হচ্ছে। সেদিন দুপুরে রাজধানীর ৯টি অঞ্চল থেকে গণ শোভাযাত্রাসহ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জমায়েত হবে বিকেল তিনটার মধ্যে আর আগামী ২৬ মার্চ পর্যন্ত সরকারের সব দফতর থেকে যেকোনো একটি সেবা ফ্রি দেয়া হবে।