কর কাঠামোর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাসট্রিজ-ডিসিসিআই।
এ বিষয়ে আগামী বাজেটেই সুস্পস্ট ঘোষণা দেয়ার প্রস্তাব দিয়েছে ব্যবসায়ী সংগঠনটির নেতারা।
শনিবার দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তারা এ প্রস্তাব দেন।
আগামী বাজেটে প্যাকেজ ভ্যাট বহাল রাখার পাশাপাশি মানব সম্পদ ও অবকাঠামো খাতে অধিকতর গুরুত্ব দেয়ারও প্রস্তাব দিয়েছেন তারা।
বাজেট নিয়ে এরইমধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে একাধিক বৈঠক করে নিজেদের প্রস্তাবনা তুলে ধরেছে ডিসিসিআই। এসব প্রস্তাবনা নিয়ে শনিবার সংবাদ সম্মেলন করে ব্যবসায়ীদের এই সংগঠনটি।
আগামী ৩ বছর করপোরেট করের হার ধারাবাহিকভাবে কমানোর ব্যাপারে এ বছরই ঘোষণা দেয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
দ্বৈত কর পরিহার করে, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ ও বিনিয়োগের স্বার্থে সার্বিক কর কাঠামোর ধারাবাহিকতা বজায় রাখার প্রস্তাব দিয়েছেন ব্যবসায়ী নেতারা।
বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ রেমিটেন্স বাইরে যাওয়া ঠেকাতে এবং বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ডিসিসিআই, বাজেটে যথাযথ মানবসম্পদ ও অবকাঠামো খাতে গুরুত্ব দেয়ার প্রস্তাব দিয়েছে।
এর পাশাপাশি সমুদ্র অর্থনীতি নিয়ে আগামী বাজেটেই একটি পথ-নকশা প্রণয়নের সুপারিশ করেছে ঢাকা চেম্বার।