দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে।
মঙ্গলবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি চলছে।
এর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে বাজেট অধিবেশনের সময়সীমা নির্ধারণ করা হয়।
আগামী ৭ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেট পেশ করবেন। এরপর দীর্ঘ আলোচনা শেষে আগামী ৩০ জুনের মধ্যে বাজেট পাস হবে।
আর কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বাজেট অধিবেশন চলবে আগামী ১২ জুলাই পর্যন্ত।
জানা গেছে, এবারের বাজেটের আকার হবে ৪ লাখ ৬৮ হাজার কোটি টাকা। যা দেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট। নির্বাচনী বছরের বাজেট অধিবেশন হওয়ায় একে ‘নির্বাচনী বাজেট’ও বলা হচ্ছে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়া বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, হুসেইন মুহম্মদ এরশাদ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসানাত আব্দুল্লাহ, আ.স.ম ফিরোজ, সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন প্রমুখ।
রমজানের কারণে প্রতিদিন বেলা ১১টায় অধিবেশন শুরু হবে-- তবে ঈদের পর আগের মতোই বিকেলে অধিবেশন চলবে।