প্রস্তাবিত বাজেটকে যাদুকরের ভোজবাজি বলে মনে করেন সাবেক তত্ত্বাবর্ধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলী খান। দেশ টিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
তার মতে, বাজেটে অনেকগুলো অবাস্তব দিক রয়েছে। বছর শেষে সরকার আয়-ব্যয়ের হিসাব মেলাতে পারবে না। প্রস্তাবিত বাজেটের সবচেয়ে বড় দুর্ললতা হলো, এ বাজেটে বিনিয়োগকে নিরুৎসাহিত করা হয়েছে। পাশাপাশি মুল্যস্ফীতির চাপও বাড়াবে।
৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ হাজার কোটি টাকার বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা প্রায় ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা। আর বাজেট ঘাটতি ১ লাখ ২৫ হাজার কোটি টাকা।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলী খান, এ বাজেটকে খুব একটা বাস্তবভিত্তিক মনে করেন না।
তার মতে, বাজেটে অনেকগুলো অবাস্তব দিক আছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী আয়-ব্যয় কোনটাই হবে না বলে মনে করেন আকবর আলী খান।
বাজেটে অনেকগুলো দুর্বলতার কথাও জানান আকবর আলী খান। তিনি বলেন, বাজেটে অর্থমন্ত্রীর দৃষ্টি খুব স্বল্পমেয়াদি। অনেকটাই নির্বাচন কেন্দ্রিক। বাজেটে বিনিয়োগকে উৎসাহিত করার মত কিছু নেই।
পাশাপাশি আর্থিক খাতের সুশাসনের ব্যাপারে কোন পদক্ষেপ না থাকাকেও, বাজেটের বড় দুর্বলতা মনে করেন আকবর আলী খান।