ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে দেশের প্রধান স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
সীমান্তে আটকা পড়েছে পণ্যবাহী সহস্রাধিক ট্রাক।
রোববার সকাল থেকে উভয় দেশের মধ্যে কোনো পণ্যবাহী ট্রাক যাতায়াত করেনি।
ব্যবসায়ীরা জানিয়েছেন, বেনাপোল বন্দরের সিঅ্যান্ডএফ কর্মচারীরা ভারতীয় ট্রাক চালকদের কাছ থেকে বিভিন্ন উপায়ে অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে শনিবার বিকেল থেকে ধর্মঘটের ডাক দেয় ভারতীয় ব্যবসায়ীরা।
এতে আজ সকাল থেকে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়। বেনাপোল ও পেট্রাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় আটকা রয়েছে পণ্যবাহী এক হাজারেরও বেশি ট্রাক। সমস্যা সমাধানে উভয় পক্ষের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছেন বেনাপোল কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতারা।
এদিকে, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে দুই নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বিজিবি।
২১ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেনেন্ট কর্নেল ইমরানুল্লাহ সরকার জানান, গোপন খবরের ভিত্তিতে সকালে পুটখালী সীমান্তে অভিযান চালান তারা। এসময় পুটখালী সীমান্ত দিয়ে অবৈধপথে বাংলাদেশে প্রবেশের সময় নাইজেরিয়ান নাগরিক ভিটাস উইন্না ও উলাটুমদে টিমোথিকে আটক করা হয়।
তাদের তল্লাশি করে ৬টি নাইজেরিয়ান পাসপোর্ট, ৬টি মোবাইল, ভারতীয় ক্রেডিট কার্ড, গেমস ডিক্স ও বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
জিজ্ঞাসাবাদ শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
আটককৃতদের বাড়ি নাইজেরিয়ার ইহিয়ালা অঞ্চলে বলে জানিয়েছে বিজিবি।