দেশে চালের উৎপাদন এবং মজুদ যথেষ্ট পরিমাণে রয়েছে তাই চালের দাম বাড়ার কোনো কারণ নেই- জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে নির্বাচনের কারণে চিকন চালের দাম কিছুটা বাড়লেও মোটা চালের দাম বাড়েনি।
আর অযৌক্তিক কারণে ব্যবসায়ীরা যাতে চালের দাম না বাড়ান সেজন্য তাদের প্রতি আহবান জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী।
রাজধানীর খাদ্যঅধিদপ্তরে এক মতবিনিময় সভায় দুই মন্ত্রী এসব কথা বলেন।
নির্বাচনের পর হঠাৎ করেই চালের দাম বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে চালকল মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় করেন খাদ্যমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী।
চালের দাম বাড়া নিয়ে একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে বলে সভায় মিল মালিকরা অভিযোগ করেন।
চিকন চালের দাম কিছুটা বাড়লেও মোটা চালের দাম অপরিবর্তিত রয়েছে বলে জানান তারা।
ব্যবসায়ীদের সঙ্গে একমত পোষণ করে খাদ্যমন্ত্রী জানান, চালের উৎপাদন ভালো হওয়ায় দাম বাড়ার কোনো যৌক্তিকতা নেই।
সাধারণ মানুষের কথা মাথায় রেখে ভবিষ্যতেও চালের দাম যেন সহনীয় পর্যায়ে থাকে এজন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী।
দিকে, দুর্নীতির কারণে উন্নয়ন কার্যক্রম যাতে ব্যহত না হয় সে বিষয়ে কড়া নজরদারি করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মাদ তাজুল ইসলাম।
সকালে রাজধানীর আগারগাঁও এলজিআরডি অফিস পরির্দশনে গিয়ে মন্ত্রী এমন মন্তব্য করেন।
তিনি বলেন, দুর্নীতির ব্যাপারে প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহারে জিরো টলারেন্স নীতি ঘোষণা দিয়েছেন।
তিনিও দুর্নীতির ব্যাপারে সোচ্চার থাকবেন। দেশের উন্নয়ন কর্মকাণ্ড দুর্নীতির কারণে যাতে ব্যহত না হয় তা, কঠোরভাবে নজরদারি করা হবে বলে জানান মন্ত্রী।
তিনি আরো বলেন, দুর্নীতির সঙ্গে কেউ জড়িত থাকলে তাকে শাস্তির আওতায় আনা হবে।
এ সময় স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে মন্ত্রণালয় চালানোর প্রত্যয় ব্যক্ত করেন তাজুল ইসলাম।
শিক্ষার্থী ও অভিভাবকদের সহায়তা পেলে প্রশ্ন ফাঁস রোধ করা সম্ভব বলে জানিয়েছেন নব নিযুক্ত শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।
সকালে চাঁদপুর মেডিকেল কলেজের প্রথম বর্ষে এমবিবিএস কোর্সে ভর্তি হওয়া শিক্ষার্থীদের পরিচিতি সভায় যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী আরো বলেন, প্রশ্নপত্র ফাঁস রোধ করা সকলের দায়িত্ব— কোনোভাবেই যাতে প্রশ্নফাঁস না হয় সেজন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ভূমিকা সবচেয়ে বেশি।
এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের নতুন সব চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সকলের সহযোগিতা চান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।