দেশের বিভিন্ন স্থানে তৈরি পোশাক শ্রমিকদের বিক্ষোভ এখনো চলছে।
বিক্ষোভের জেরে রোববার সকালে আশুলিয়ার জামগড়া ও নরসিংহপুরের অন্তত ৫০টি কারখানা বন্ধ করে দেয়া হয়েছে।
পুলিশের সঙ্গে শ্রমিকদের সংষর্ষে আহত হয়েছেন ১০ জন।
নতুন মজুরি কাঠামো অনুযায়ী প্রতিশ্রুত মজুরি না দেয়া এবং মজুরি কাঠামো পরিবর্তনের দাবিতে চলছে এ বিক্ষোভ।
গত একসপ্তাহ ধরে আশুলিয়া ও সাভারের বিভিন্ন এলাকার শ্রমিকরা বিক্ষোভ করে আসছেন।
এদিকে, আজ বিজিএমইএ জানিয়েছে, আগামীকাল-সোমবার থেকে কোনো তৈরি পোশাক কারখানার শ্রমিক কাজ না করলে শ্রমআইন অনুযায়ী ওই কারখানা বন্ধ থাকবে। এই বন্ধের সময় শ্রমিকরা মজুরি পাবেন না।
অন্যদিকে, আজ বিকালে মালিক শ্রমিক ও সরকারের প্রতিনিধি নিয়ে গঠিত ত্রিপক্ষীয় মজুরি পর্যালোচনা কমিটি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়ার কথা রয়েছে।
এ সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত শ্রমিকদের শান্ত থাকার আহবানও জানিয়েছে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল।