বাংলাদেশ রেলওয়ের জন্য ৪০টি ব্রডগেজ লোকোমোটিভ কেনার জন্য ইউএসএ এর নির্মাণকারী প্রতিষ্ঠান মেসার্স প্রগ্রেস রেলের সাথে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সোমবার বিকেলে রেল ভবন সম্মেলন কক্ষে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (আরএস) মোঃ শাসসুজ্জামান এবং আমেরিকান কোম্পানি প্রোগ্রেস রেলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্যাট্রিক ও ডনেল কোম্পানির পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন বলেন, রেলকে যুগোপযোগী উন্নয়নে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তিনি। মানুষকে রেলের মাধ্যমে কাঙ্খিত সেবা দেয়ার জন্য সর্বোত্তম চেষ্টা করা হবে। ইঞ্জিন পাওয়া শুরু করলে অধিক পরিমানে বিভিন্ন রুটে ট্রেন চালানো সম্ভব হবে এবং এর মাধ্যমে বেশী করে রাজস্ব আহরণ করা যাবে।
চুক্তি অনুযায়ী ২৪ থেকে ৩৬ মাসের মধ্যে সকল ইঞ্জিন সরবরাহ করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। এডিবির অর্থায়নে লোকোমোটিভগুলো ক্রয় করা হচ্ছে। বাংলাদেশী টাকায় চুক্তি মূল্য ১১২৩ কোটি ৫ লাখ টাকা।
উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ রেলওয়েতে ৯৪টি ব্রডগেজ লোকোমোটিভ রয়েছে যার মধ্যে ৫৫টির অর্থনৈতিক আযুষ্কাল (২০ বছর হিসাবে) শেষ হয়ে গেছে। কাজেই দ্রুত এসব ইঞ্জিন প্রতিস্থাপনের জন্য নতুন ইঞ্জিন পাওয়া খুবই দরকার।
এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোফাজ্জেল হোসেন, মহাপরিচালক মোঃ কাজী রফিকুল আলম, নির্মাণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।