প্রায় এক সপ্তাহ শ্রমিক অসন্তোষের পর ঢাকা ও আশপাশের এলাকার তৈরি পোশাক কারখানাগুলোতে দ্বিতীয় দিনের মতো কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। তাদের বেশিরভাগ শ্রমিকই নতুন বেতন কাঠামোতে সন্তোষ প্রকাশ করেছেন।
মঙ্গলবার সকাল থেকে গাজীপুর, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের গার্মেন্টগুলোতে শ্রমিকদের কারখানায় কাজে যোগ দিতে দেখা যায়।
গতকাল সোমবার সাভারের কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ দেয়ার কিছুক্ষণের মধ্যে বের হয়ে আসলেও আজ (মঙ্গলবার) পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সোমবারের তুলনায় কারখানায় শ্রমিকদের উপস্থিতি বেশি।
তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের জন্য গত নভেম্বরে ঘোষিত ন্যূনতম মজুরি কাঠামোর কয়েকটি গ্রেড নিয়ে আপত্তি জানিয়ে ৬ জানুয়ারি থেকে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করছিলো ঢাকা ও আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরা।
রোববার মজুরি কাঠামোর ছয়টি গ্রেড সংশোধন করে পোশাক শ্রমিকদের বেতন বাড়ানোর ঘোষণা দেয়া হয়। তবে আন্দোলন ঘিরে বন্ধ করে দেওয়া কারখানাগুলো খুলে দেওয়ার বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত জানা যায় নি।