বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় আজ- বুধবার রাতেই নিউইয়র্কের ফেডারেল আদালতে মামলা করা হবে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।
ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকসহ এ ঘটনায় জড়িত ও সুবিধাভোগী সবাইকেই এ মামলায় আসামি করা হবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর।
তিনি বলেন, চুরি যাওয়া অর্থ আদায় এবং জড়িতদের শাস্তির আওতায় আনতে এ মামলা করা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ২০১৬ সালে ১০ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনায়, ফিলিপাইনসের রিজাল কমার্শিয়াল ব্যাংক, ফিলরেমসহ জড়িত সকল পক্ষের বিরুদ্ধে মামলার সব প্রস্ততি সম্পন্ন করেছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সঙ্গে চুক্তিও সম্পাদন করা হয়েছে।
গভর্নর জানান, চুরি যাওয়া অর্থের কিছুটা আদায় হয়েছে— বাকিটা আদায় করতে এই মামলা করা হচ্ছে। যতদিন পর্যন্ত না টাকা ফেরত পাওয়া যায়, ততদিন পর্যন্ত এ মামলা চলবে বলে গভর্নর জানান।
এ ঘটনায় এর আগে মতিঝিল থানায় একটি মামলা করে বাংলাদেশ ব্যাংক। ৩ বছর অতিবাহিত হলেও এ নিয়ে এখন পর্যন্ত তদন্ত কাজ শেষ করতে পারেনি সিআইডি।