আসছে পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনী ভোগ্যপণ্যের দাম বাড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
শুধু চিনিতে দু-এক টাকা বাড়ার আভাস দিয়ে তিনি বলেন, রমজানের প্রধান ভোগ্যপণ্য ছোলা, পেয়াজের মতো পণ্যের প্রচুর মজুদ রয়েছে, সেক্ষেত্রে দাম বৃদ্ধির কোনো বিষয় নেই।
যাতে অসাধু ব্যবসায়ী বাজারে কোনো পণ্যের সংকট সৃষ্টি করে দাম বাড়াতে না পারে, সেদিকে কঠোর নজরদারি রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে প্রতি বছরই বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম হয় আকাশচুম্বী। ছোলা, পেঁয়াজ, চিনিসহ কাঁচা বাজারেও দাম বেড়ে যায়। এবার প্রথমবারের মতো দায়িত্ব নিয়ে ব্যবসায়ী এই সিন্ডিকেট ভাঙার আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
সচিবালয়ে সাংবাদিকদের জানিয়েছেন, এবার যাতে অসাধু ব্যবসায়ীরা কোনো পণ্যের দাম বাড়াতে না পারে সেদিকে থাকবে কঠোর নজরদারি।
একই সঙ্গে মহাসড়কে সব ধরনের চাঁদাবাজি বন্ধেও উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি।
এর আগে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে চালকল মালিকদের প্রতিনিধিরা দেখা করতে আসেন।
সেখানে তারা বিদেশে চাল রপ্তানির প্রস্তাব করেন মন্ত্রীর কাছে।
মন্ত্রী জানিয়েছেন, বাজারে চালের পরিস্থিতি বিশ্লেষণ করেই এ বিষয়ে উদ্যোগ নেয়া যেতে পারে।