প্রবাসী আয়ে মহামারি করোনা'র প্রভাব পড়েছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি ২০২১-২০২২ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ৩৯ শতাংশ রেমিট্যান্স কমেছে।
গত মাসে ১৮৭ কোটি ১৫ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। ২০২০-২০২১ অর্থবছরের জুলাইয়ে ২৫৯ কোটি ৮২ লাখ ডলার পাঠিয়েছিলেন। সোমবার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
সেখানে বলা হয়, সদ্য সমাপ্ত অর্থবছরের শেষ মাস জুনে দেশে ১৯৪ কোটি ৮১ লাখ ডলার পাঠান প্রবাসীরা। মে মাসে দেশে এসেছে ২১৭ কোটি ডলারের রেমিট্যান্স।
হঠাৎ প্রবাসী আয় কমে যাওয়ার বিষয়টিকে নানানভাবে বিশ্লেষণ করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, করোনা'র তৃতীয় ঢেউয়ে অনেক দেশে লকডাউন চলছে। এর ফলে প্রবাসীদের আয় কমেছে। এসব কারণে রেমিট্যান্স পাঠানো কিছুটা কমেছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, অতীতের মতো এবারও ঈদের আগে রেমিট্যান্সের ঊর্ধ্বগতি ছিলো। তবে ঈদের পরে একটু কমেছে। আশা করছি. ফের রেমিট্যান্স প্রবাহ আগের ধারায় ফিরবে। / বাভি