আমানতের সর্বনিম্ন সুদহার না কমানোর সিদ্ধান্তে অনড় কেন্দ্রীয় ব্যাংক। বুধবার (১১ আগস্ট) সর্বনিম্ন সুদহার কমাতে তফসিলি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) অনুরোধ নাকচ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এর আগে গত রোববার (০৮ আগস্ট) আমানতের সর্বনিম্ন সুদহার নির্ধারণ করে একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে পাঠায় কেন্দ্রীয় ব্যাংক। এ সার্কুলার অবিলম্বে বাস্তবায়নের নির্দেশও দেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এমডিরা এ সভায় যোগ দেন। সভায় ঋণের ক্ষেত্রে ৯ শতাংশ সুদহার বাস্তবায়নের অগ্রগতি, মেয়াদি আমানতে মূল্যস্ফীতির কম সুদ না দেওয়ার নির্দেশনা প্রত্যাহার বা পরিমার্জন, ঋণ ও আমানত উভয়ক্ষেত্রে সুদহারের সীমা তুলে দেওয়ার দাবিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা আমানতের সুদ কামানোর জন্য অনুরোধ করলেও বাংলাদেশ ব্যাংক আমানতের সুদ বহাল রাখতে যুক্তি উপস্থাপন করে। এতে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি দেওয়া নির্দেশনাই বহাল রাখে। / পরিমার্জিত / বার্তা