নয়টি ই-কমার্স প্রতিষ্ঠানের ব্যাংক লেনদেন ও আর্থিক তথ্য জানতে চেয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেল থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির-এর কাছে এই চিঠি পাঠানো হয়।
প্রতিষ্ঠানগুলো হচ্ছে- ধামাকা, ই-অরেঞ্জ, সিরাজগঞ্জ শপ, আলাদিনের প্রদীপ, কিউকম, বুম বুম, আদিয়ান মার্ট, নিড ডট কম ডট বিডি এবং আলেশা মার্ট। তবে তথ্য জানানোর জন্য বাংলাদেশ ব্যাংককে কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি।
চিঠিতে বলা হয়েছে, তথ্য দিতে হবে ধামাকা, ই-অরেঞ্জ, সিরাজগঞ্জ শপ, আলাদিনের প্রদীপ, কিউকম, বুম বুম, আদিয়ান মার্ট, নিড ডট কম ডট বিডি এবং আলেশা মার্টকে। ই-কমার্সের এই নয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রাহকদের কাছ থেকে অগ্রিম অর্থ আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। একইসংগে মার্চেন্টদের কাছ থেকে পণ্য নিয়ে মূল্য পরিশোধ না করারও অভিযোগ পাওয়া যাচ্ছে।
এজন্য পরবর্তী করণীয় নির্ধারণের জন্য প্রতিষ্ঠানগুলোর সর্বশেষ আর্থিক অবস্থা, ক্রেতা ও মার্চেন্টদের কাছে মোট দায়ের পরিমাণ, প্রতিষ্ঠানগুলোর চলতি ও স্থায়ী মূলধনের পরিমাণ, প্রতিষ্ঠানগুলো অন্য কোথাও অর্থ সরিয়েছে কি না তা জানা দরকার বলে চিঠিতে উল্লেখ করা হয়। / বাভি