ভারতে ইলিশ রফতানির সময় সীমা বাড়িয়ে ১০ দিন বাড়িয়ে ৫ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। দেশে ইলিশের প্রজনন রক্ষায় ২২ দিনের জন্য ইলিশ শিকার,পরিবহন ও বিক্রয় বন্ধের নির্দেশনায় গত ৪ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত বেনাপোল বন্দর দিয়ে ভারতে ইলিশ রফতানি বন্ধ ছিল।
২৬ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি শাখার উপসচিব তানিয়া ইসলাম সাক্ষরিত একটি চিঠিতে পূনরায় ৫ নভেম্বর পর্যন্ত সময় সীমা বাড়িয়ে ইলিশ রফতানির অনুমতি পত্র আসে বন্দরে।
বেনাপোল মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক আসওয়াদুল ইসলাম বলেন, ইলিশ রফতানির নির্দেশনা পত্র তারা হাতে পেয়েছেন। ২৬ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত অবশিষ্ট ইলিশ ব্যবসায়ীরা ভারতে রফতানি করতে পারবেন।
শার্শা উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসান জানান, দুর্গাপূজায় এ বছর ১১৫ রফতানিকারক প্রতিষ্ঠানকে ভারতে ৪ হাজার ৬৫০ টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। প্রতি কেজি ইলিশের রফতানি মূল্য ১০ মার্কিন ডলার ধরা হয়েছে। ভারত ও বাংলাদেশ দুই দেশের কাস্টমস থেকে শুল্কমুক্ত সুবিধায় ইলিশের এসব চালান রফতানি করা হচ্ছে ভারতে। / বার্তা