প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জন্য সুখবর দিয়ে শুরু হলো নতুন বছরের যাত্রা। জানুয়ারি থেকে রেমিটেন্সে প্রণোদনা ২ শতাংশ থেকে বাড়িয়ে আড়াই শতাংশ করার ঘোষণা দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
রেমিটেন্সে সরকারি প্রণোদনার পরিমাণ বাড়ানো প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ‘নববর্ষের উপহার’ বলে জানায় অর্থমন্ত্রণালয়।
শনিবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে প্রবাসী বাংলাদেশিরা ১০০ টাকা দেশে পাঠালে ১০২ টাকা ৫০ পয়সা পাবে তার স্বজনরা।
প্রণোদনার হার বাড়ানোর বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, 'জনমানুষের সার্বিক জীবনমান উন্নয়ন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, মানিলন্ডারিং প্রতিরোধ, কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের প্রেরিত রেমিটেন্সের গুরুত্ব বিবেচনায় বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমজীবী মানুষের কষ্টার্জিত বৈদেশিক আয় বৈধ উপায়ে দেশে প্রত্যাবাসনে উৎসাহিত করার লক্ষ্যে রেমিটেন্স প্রেরণের বিপরীতে সরকার কর্তৃক ২ শতাংশ প্রণোদনা/নগদ সহায়তা প্রদানের বিদ্যমান হার বাড়িয়ে আড়াই শতাংশ নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বর্ধিত এ হার চলতি ২০২১-২২ অর্থবছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।'
২০১৯-২০ অর্থ বছরে সরকার বৈধ পথে অর্থ পাঠানো উৎসাহিত করতে রেমিটেন্সে ২ শতাংশ হারে প্রণোদনা ঘোষণা করে। এরপরই ২০২০-২১ অর্থবছরে রেমিটেন্স দাঁড়ায় ২৪ দশমিক ৮০ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ৩৬ শতাংশ বেশি।