যানযট নিরসনে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্রগ্রামসহ দেশের বৃহৎ শিল্পাঞ্চলগুলোতে সকল সড়ক সংস্কারে তাৎক্ষনিক পদক্ষেপ গ্রহনের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে (এলজিআরডি) অনুরোধ জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। সড়কগুলো সংস্কারে আশ্বাস দেন এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ঢাকায় সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলামের সাথে এক বৈঠকে তিনিএ অনুরোধ জানান।
বিজিএমইএ নেতৃবৃন্দ বলেন, গাজীপুর, চট্রগ্রাম, নারায়নগঞ্জ, সাভার, আশুলিয়া এবং মাওনা বাংলাদেশের প্রধান প্রধান শিল্প অধ্যুষিত অঞ্চলসমূহে রপ্তানিমুখী পোশাকসহ শত শত কারখানা গড়ে উঠেছে।
কিন্তু এসব এলাকাগুলোর অধিকাংশ সড়ক ক্ষতিগ্রস্থ থাকায় সড়কগুলোতে তীব্র যানযট লেগেই থাকে, যার কারণে শ্রমিক-কর্মচারী এবং উদ্যোক্তাসহ নিয়মিত যাত্রীদেরকে প্রতিদিনই প্রচন্ড দূর্ভোগ পোহাতে হচ্ছে ।
তারা বলেন, মালবাহী যানবাহনগুলোকে জরাজীর্ন সড়কগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। এ কারণে কাঁচামাল ও রপ্তানিতব্য পণ্য পরিবহন মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে।যানযট একদিকে লীডটাইম থেকে মহামূল্যবান সময় নিয়ে নিচ্ছে। আবার, অন্যদিকে যানযটের কারণে কারখানায় কাঁচামাল আনা নেয়ায় এবং কারখানা থেকে রপ্তানিতব্য পণ্য পরিবহনে অতিরিক্ত সময় উৎপাদন ব্যয় বাড়াচ্ছে।
বৈঠকে বিজিএমইএ এর ১ম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম এবং সহ-সভাপতি মোঃ নাসির উদ্দিনও উপস্থিত ছিলেন।