করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রম ত্বরান্বিত করা এবং পল্লী এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের দ্বিতীয় দফার প্রণোদনা প্যাকেজের আওতায় মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের মাঝে বিতরণের জন্য চলতি অর্থবছরের জন্য বরাদ্দকৃত ২০০ কোটি নির্ধারিত সময়ের ৬ মাস আগেই বিতরণ করেছে এসএমই ফাউন্ডেশন।
দুই দফায় মাত্র সাড়ে ৪ মাসে বিতরণ করা হয় ৩০০ কোটি টাকা। চলতি ২০২১-২২ অর্থবছরে অক্টোবর থেকে ডিসেম্বর, মাত্র তিন মাসে ১৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ২ হাজার ১৮১ উদ্যোক্তার মাঝে ২০০ কোটি টাকা বিতরণ সম্পন্ন করেছে এসএমই ফাউন্ডেশন।
উল্লেখ্য, গ্রামীণ অঞ্চলের প্রান্তিক পর্যায়ের সিএমএসএমই উদ্যোক্তাদের সহজ শর্তে এবং স্বল্প সুদে ঋণ প্রদানের লক্ষ্যে সরকার দ্বিতীয় দফায় ১ হাজার ৫০০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে। যার মধ্যে এসএমই ফাউন্ডেশনের অনুকূলে ৩০০ কোটি টাকা বরাদ্দ করা হয়। ২০২০-২১ অর্থবছরে এসএমই ফাউন্ডেশনের অনুকূলে ১০০ কোটি টাকা এবং ২০২১-২২ অর্থবছরে ২০০ কোটি টাকা ছাড় করে অর্থ বিভাগ।
এসএমই ফাউন্ডেশন কর্তৃক বিতরণকৃত ঋণের মধ্যে নারী-উদ্যোক্তার সংখ্যা প্রায় ২৬ শতাংশ এবং পুরুষ উদ্যোক্তা প্রায় ৭৪ শতাংশ। ঋণপ্রাপ্ত উদ্যোক্তাদের মধ্যে ১৪৬২জন ট্রেডিং খাতের, ১১৬৭জন উৎপাদন খাতের এবং ৪৭৭জন সেবা খাতের। ৫০ শতাংশ উদ্যোক্তাই ৫ লাখ টাকার চেয়ে কম ঋণ পেয়েছেন।
ফাউন্ডেশন এ ঋণ বিতরণ কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে প্রথম দফায় ১২টি এবং দ্বিতীয় দফায় ১৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে ঋণ বিতরণ চুক্তি স্বাক্ষর করে এসএমই ফাউন্ডেশন।