কৃষিমন্ত্রী ড. মো.আব্দুর রাজ্জাক বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্য বেড়েছে। বাংলাদেশেও তার প্রভাব পড়েছে। তবে আমাদের দেশের মানুষ যাতে কষ্ট না পায় সে জন্য সরকার নানা উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে ভোজ্য তেল, চিনি, ছোলাসহ অন্যান্য পণ্যের ভ্যাট প্রত্যাহার করেছে সরকার। চালের দাম স্থিতিশীল রয়েছে। মোটা চালের দাম মোটেও বাড়েনি। ভাত নিয়ে কোনো কষ্ট হবে না। আমরা সর্বাত্মক চেষ্টা করছি দ্রব্যমূল্য যেন সীমিত আয়ের মানুষের ক্রয়ক্ষমতার মধ্যেই থাকে।
শনিবার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) সদর দপ্তরে ৩৬তম এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনে অংশ নেওয়া জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) প্রতিনিধি দলের সঙ্গে কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্রি ও বারির ঊর্ধ্বতন বিজ্ঞানী, কর্মকর্তাদের আলোচনা পর্বে তিনি এসব কথা বলেন। এ সময় এফএও'র মহাপরিচাল কচু দোয়াংয়ু বাংলাদেশের কৃষি উন্নয়নের প্রশংসা করেন এবং বাংলাদেশের কৃষি উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, সারের সংকট বা ঘাটতি নেই বরং উদ্বৃত্ত আছে। সুতরাং দাম বাড়ার কোনো কারণই নেই।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) এর নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, ব্রি'র মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার প্রমুখ।